নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সংসদ সদস্যের জন্য একটি পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের পরিকল্পনা ও বাস্তবায়নে এ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, মো. সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু, মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফারুক বকতসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. শাহিন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আত্রাই উপজেলায় এই পরিদর্শন কক্ষ স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।