দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবং “নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য প্রতিটি নাগরিকের সচেতনতা প্রয়োজন। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।”
অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. মো. মনির হোসেন জীবন বলেন, “এডিস মশা সাধারণত স্বচ্ছ ও জমে থাকা পানিতে ডিম পাড়ে। তাই বর্ষা মৌসুমে সবাইকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত।”
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ খায়রুল আলম বলেন, ডেঙ্গুবাহী এডিস মশার বংশবৃদ্ধি রোধে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। তিনি ফুলের টব, ডাবের খোসা বা বিভিন্ন পাত্রে তিন দিনের বেশি পানি জমে না রাখার আহ্বান জানান।
র্যালি ও আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জঙ্গল পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা সরানো হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. সালেহ উজ্জামান, ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, ডা. মোসা. আফিয়া আদিলা খান পুষ্প এবং প্রধান অফিস সহকারী (ভারপ্রাপ্ত) মো. শাহী আলম।
এছাড়া উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের মালিক, নার্স, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।