নওগাঁর আত্রাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে বাগান থেকে ৪-৫টি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামে। এ ঘটনায় জমির মালিক রেজাউল করিম টিপু আত্রাই থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী রেজাউল করিম টিপু জানান, তার বাবা মৃত আব্দুস সোবহান ও মায়ের নামে গ্রামের প্রায় ৪০ শতক জমি রয়েছে। বাবার মৃত্যুর পর থেকে তিনি ও তার ভাই-বোনেরা ওই জমি ভোগদখল করে আসছেন। জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রয়েছে।
তার অভিযোগ, একই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে রফিকুল ইসলাম (৪২), রহিদুল ইসলাম (৩৫), তৌহিদুল ইসলাম (৩০), আরতুল্লা মন্ডলের ছেলে শহিদুলসহ কয়েকজন দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। এর আগে জমি দখলের চেষ্টা করা হলে তিনি নওগাঁ আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
রেজাউল করিম টিপুর দাবি, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গত রবিবার দিবাগত রাতে অভিযুক্তরা লোকজন নিয়ে তার বাগানে প্রবেশ করে ৪-৫টি গাছ কেটে নিয়ে যায়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন।
এদিকে গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, জমি নিয়ে পুরোনো বিরোধের কারণে পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানান, এর আগে ২০১৩ সালে একই এলাকায় বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির পাঁচুপুর ইউনিয়ন প্রচার সম্পাদক আনোয়ার মুকুল হত্যার ঘটনা ঘটেছিল। ফলে বর্তমান জমি বিরোধ নিয়েও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার পর রেজাউল করিম টিপু আত্রাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”