নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গুণগত শিক্ষার বিস্তার, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, এসএসসি ও এইচএসসি শিক্ষার মানোন্নয়ন এবং নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার ভবিষ্যৎ সম্ভাবনা ও কর্মপরিধি তুলে ধরা হয়। এ সময় অভিভাবকদের শিক্ষার্থীদের নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সমাবেশে অভিভাবক মো. আহসান হাবিব, ববী রাণী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম লিটন, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আমিনূল ইসলাম, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোছা. সুলতানা খাতুন, সহকারী শিক্ষক হাসান হাফিজুর রহমান, মো. সেলিম, মোছা. শারমিন আরাসহ শিক্ষক, অভিভাবক ও সুধীজন বক্তব্য দেন।
বক্তারা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মেধা ও মনন বিকাশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।