কুমিল্লার মুরাদনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (২৪ জুন) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এবং উপজেলা প্রশাসন, মুরাদনগরের যৌথ উদ্যোগে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, দয়াময় আইসক্রিম ফ্যাক্টরি (ব্র্যান্ড: ফাস্ট) বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়া উৎপাদনে অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য কাঁচামাল ব্যবহার করা হচ্ছিল এবং কারখানার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর।
এ অপরাধে প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধি মো. ইমন সম্রাট (২০)-কে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কারখানায় পাওয়া অননুমোদিত কাঁচামাল ও উৎপাদিত আইসক্রিম ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারওয়ার রাব্বী। এ সময় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ। এসময় পুলিশের একটি টিম সহায়তা করেন।
বিএসটিআই কুমিল্লা কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে মানহীন ও অননুমোদিত পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।